এলপিজি সংকটে ৬৪ জেলায় বন্ধের মুখে প্রায় এক হাজার অটোগ্যাস স্টেশন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

দেশব্যাপী চলমান এলপিজি অটোগ্যাস সংকটে পরিবহন খাত চরম সংকটে পড়েছে। গ্যাস সরবরাহ না থাকায় দেশের ৬৪ জেলায় স্থাপিত প্রায় এক হাজার অটোগ্যাস স্টেশন কার্যত বন্ধ হওয়ার পথে রয়েছে, ফলে এলপিজিচালিত যানবাহনের মালিক ও চালকরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সরকারের উৎসাহে দেশে প্রায় দেড় লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হলেও বর্তমানে তীব্র সংকটের কারণে গ্যাস না পেয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।

সংগঠনের সভাপতি সিরাজুল মাওলা জানান, দেশে মাসিক গড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টন এলপিজি ব্যবহৃত হলেও পরিবহন খাতে লাগে মাত্র ১৫ হাজার টন। এই সামান্য পরিমাণ সরবরাহ নিশ্চিত না হওয়ায় পুরো অটোগ্যাস খাত ধ্বংসের মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করা, আমদানিজট দ্রুত নিরসন এবং ভবিষ্যতে সংকট এড়াতে বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।