আপিলের দ্বিতীয় দিনে ১২ প্রার্থীর শুনানি, ১০ জনের মনোনয়ন বৈধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে নির্ধারিত ১২ প্রার্থীর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।

ইসি সূত্র জানায়, দ্বিতীয় দিনের প্রথম ৩২ মিনিটেই ১২ জন প্রার্থীর শুনানি শেষ হয়। এর মধ্যে একজন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং আরেকজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

আপিল মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে বিভিন্ন আসনের জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির এক প্রার্থীর আপিল পেন্ডিং রাখা হলেও ফরিদপুর-৩ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর আপিল খারিজ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী দিনগুলোতেও মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।