সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রাণহানির দাবি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৭:১১ অপরাহ্ন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। ইরান সরকার এ আন্দোলনকে বিদেশি মদদপুষ্ট দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৫০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ইসফাহান প্রদেশেই ৩০ জন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট গভর্নর আলী আহমাদি। তিনি জানান, নিহতদের জন্য সোমবার জানাজা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পার্শ্ববর্তী ফার্স প্রদেশে আরও অন্তত ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক শহীদ ফাউন্ডেশন। পুলিশের বিশেষ ইউনিটের আট সদস্য নিহত হওয়ার কথাও নিশ্চিত করা হয়েছে।

সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। ইসফাহানে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রাদেশিক গভর্নর। দাঙ্গার সময় প্রদেশটির বিভিন্ন এলাকায় অন্তত ১০টি মসজিদে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিক্ষোভ ও সহিংসতার মধ্যে চিকিৎসা ও মানবিক সহায়তা কেন্দ্রেও হামলার খবর মিলেছে। উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে এক হামলায় একজন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন এবং দেশজুড়ে আরও পাঁচজন কর্মী আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রা রিয়ালের অবমূল্যায়নকে কেন্দ্র করে শুরু হওয়া উদ্বেগকে কাজে লাগিয়ে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদ বৈধ হলেও নাশকতা ও সহিংসতা বরদাশত করা হবে না বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে একাধিক সশস্ত্র সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়া ও বিদেশি সংযোগ থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভ-সহিংসতায় ইরানজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। আবার মার্কিন সাময়িকী টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল তেহরানেই দমন-পীড়নে নিহতের সংখ্যা দুই শতাধিক। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।