ইরানে অভিযানে মার্কিন অস্ত্রসহ ‘বিদেশি এজেন্ট’ গ্রেপ্তারের দাবি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

ইরানে চলমান অস্থিরতার মধ্যেই বিভিন্ন গোপন আস্তানায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্র ও বিস্ফোরকসহ কয়েকজনকে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তেহরান জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন বাড়িতে এসব মারণাস্ত্র লুকিয়ে রেখেছিল, যা বিক্ষোভ চলাকালে সহিংসতা উসকে দিতে ব্যবহারের পরিকল্পনা ছিল।

ইরানের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক মার্কিন আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী আইইডি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ‘বিদেশি এজেন্ট’ আখ্যা দিয়ে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়াতে এসব নেটওয়ার্ক সক্রিয় করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সংস্থার হাতে এমন অডিও প্রমাণ রয়েছে, যেখানে বিদেশ থেকে বিক্ষোভকারীদের সরাসরি নির্দেশনা দেওয়ার কথা উঠে এসেছে। তার দাবি, এই অস্থিরতার পেছনে স্পষ্টভাবে বিদেশি মদদ রয়েছে।

ইরানের শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে পরবর্তীতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরিই এসব তৎপরতার মূল লক্ষ্য। সূত্র: আল জাজিরা।