বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতন ও সংকটের মুখেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো অভিযোগের পথ বেছে নেননি। বরং তার আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ আচরণে তিনি সবার শ্রদ্ধা অর্জন করেছেন। দক্ষিণ এশিয়ায় একজন নারী নেত্রী হিসেবে তার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।
সোমবার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বার্নিকাট এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বার্নিকাট স্মৃতিচারণায় বলেন, কঠিন সময়েও খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল ও মানবিক। তিনি বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন এবং তার রাজনৈতিক ও মানবিক উত্তরাধিকার দেশ যতদিন থাকবে, ততদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের সাহসী প্রহরী। রাজনৈতিক বন্দিত্বকে তিনি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরেন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা বলেন, অসুস্থতা ও কষ্টের মধ্যেও খালেদা জিয়া সংগ্রাম চালিয়ে গেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তারা খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও রাজনৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আপনার মতামত লিখুন :