সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ফলে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব, দুপুর সাড়ে ১২টায় টেকনিক্যাল এবং দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। এ সময় শিক্ষার্থীরা ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ব্যানারে এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের দাবি—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হালনাগাদ অধ্যাদেশের অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে খসড়া হালনাগাদ করা হয়। আন্দোলনকারীরা জানান, গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, ফলে ফের রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :