৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছেন। বুধবার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে দেশটির নেতৃত্ব বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেয়। প্রতি বছর জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে এ ধরনের ক্ষমা ঘোষণা আমিরাতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ।
কর্মকর্তারা জানান, এই ক্ষমা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ক্ষমাশীলতা, বন্দিদের সমাজে পুনর্বাসন এবং পরিবারে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করা। এর আওতায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরাও নতুন করে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন।
এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক পুনর্মিলনের প্রতি অঙ্গীকারকে তুলে ধরেছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতসমূহের ঐতিহাসিক ঐক্যকে স্মরণ করতেই এ দিবস উদযাপন করা হয়।
আপনার মতামত লিখুন :