ইরানের পক্ষে কঠোর অবস্থানে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না—এ কথা সরাসরি ইরানকে জানিয়ে দিয়েছে রিয়াদ।

বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সতর্কতার পরই এই অবস্থান জানানো হয়।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ এক সূত্র বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানের অংশ হতে সৌদি আরব রাজি নয় এবং এ উদ্দেশ্যে দেশটির আকাশসীমা বা ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। সরকারের আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে এই বার্তা তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর আঘাত হানবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থান আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।