অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সৃষ্ট অচলাবস্থার মধ্যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ক্রিকেটাররা মাঠে না নামলে সঙ্গে সঙ্গে বিপিএল বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় বিপিএলের ঢাকা পর্বের দিনের প্রথম ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

এরই মধ্যে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বিসিবি জানিয়েছে, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।