আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, তারা ২৬৮ আসনে প্রার্থী নিয়ে মাঠে রয়েছেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন নীতি ও আদর্শভিত্তিক রাজনীতি করে এবং ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। জোট রাজনীতিতে সেই লক্ষ্য অর্জনে শঙ্কা তৈরি হওয়ায় এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, দলটি মোট ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল, এর মধ্যে আপিলে দুইটি বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বড় রাজনৈতিক শক্তি হলেও আদর্শিক ও নৈতিক অবস্থানে ইসলামী আন্দোলন কারো চেয়ে দুর্বল নয়।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান দাবি করেন, ইসলামী আইন ও আদর্শ প্রশ্নে ভিন্ন অবস্থানের কারণেই জোট থেকে সরে এসে দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনের পথে হাঁটছে।
আপনার মতামত লিখুন :