ভেনেজুয়েলার ভারী তেলে নতুন সুযোগ, বদলে যেতে পারে মার্কিন জ্বালানি খাত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

ভেনেজুয়েলার বিপুল ভারী ও উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন জ্বালানি খাতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা ও অবকাঠামোগত দুর্বলতায় দেশটির উৎপাদন দীর্ঘদিন ধরে কমে আছে।

তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কৌশলগত আগ্রহে আবারও আলোচনায় এসেছে ভেনেজুয়েলার তেল খাত।

বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার ভারী তেল উত্তোলনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও মার্কিন শোধনাগারগুলোর জন্য এটি অত্যন্ত লাভজনক। কারণ যুক্তরাষ্ট্রের উপকূলীয় শোধনাগারের বড় অংশই ভারী তেল প্রক্রিয়াজাতের উপযোগী করে নির্মিত। বর্তমানে কানাডা থেকে ভারী তেল আমদানি করলেও ভেনেজুয়েলার তেল তুলনামূলক সস্তা।

বিশ্লেষণে বলা হচ্ছে, ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ বাড়লে যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং রিফাইনারিগুলোর মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই বাস্তবতায় ভেনেজুয়েলার ভারী তেল মার্কিন জ্বালানি খাতের ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে।