মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরান ইস্যুতে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা পরিস্থিতি এবং তেহরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হয়।
ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ইরান ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন এবং প্রয়োজনে মধ্যস্থতায় রাশিয়ার সহায়তার প্রস্তাব দেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা একমত হন।
প্রসঙ্গত, ইরানে চলমান অস্থিরতা, সরকারবিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকিকে ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, দেশটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটেই পুতিন-নেতানিয়াহুর ফোনালাপকে আঞ্চলিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :