নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এটি সরকারের সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় থাকা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ভারত থেকে শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতেই হবে বলে জানায়।
আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার সময় দিলেও বাংলাদেশ অবস্থান পরিবর্তন করেনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা অনুমানভিত্তিক নয়, বরং বাস্তব ঘটনার ওপর নির্ভর করে তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি, তবে আশা প্রকাশ করেন যে সংস্থাটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।
আপনার মতামত লিখুন :