আমাদের বাদ দিয়ে কোনো চুক্তি নয়: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত একটি সম্ভাব্য ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই বলে জানিয়েছেন দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ডকে উপেক্ষা করে এমন কোনো চুক্তি করা সম্ভব নয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কের। ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন—এই তিনটি বিষয় আপসের বাইরে থাকবে বলে তিনি জোর দেন।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প চুক্তির কথা উল্লেখ করলেও তার বিস্তারিত প্রকাশ করেননি। নিলসেন জানান, বলপ্রয়োগের প্রসঙ্গ বাদ পড়ায় তিনি স্বস্তি পেলেও আলোচনায় তিনি ছিলেন না এবং চুক্তির বিষয়বস্তু তার কাছে অজানা।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ১৯৫১ সালের গ্রিনল্যান্ড প্রতিরক্ষা চুক্তি পুনর্বিবেচনা করতে পারে। তবে গ্রিনল্যান্ডে মার্কিন ঘাঁটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে দেওয়ার কোনো পরিকল্পনার কথা ওঠেনি।

শেষ পর্যন্ত নিলসেন গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান স্পষ্ট করে বলেন, প্রয়োজনে তারা ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পক্ষেই থাকবে। এর আগে উপপ্রধানমন্ত্রী মুটে এগেদে ট্রাম্পের ঘোষণাকে সমালোচনা করে বলেন, গ্রিনল্যান্ডের ভূমি অন্যের হাতে তুলে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।