ইরান ভয় পায়নি, খামেনি বাঙ্কারে নন: কনসাল জেনারেল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মধ্যেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই—এমনটাই জানিয়েছেন মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাগ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনিকে নিয়মিত নিরাপত্তা দেওয়া হচ্ছে, তবে তিনি জনজীবন ও রাষ্ট্রীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন নন।

মোতলাগের দাবি, সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থার উসকানি ছিল এবং সহিংসতায় সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষতি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময় ৩ হাজারের বেশি মানুষ নিহত হন—যাদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিক্ষোভকারী রয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি সংযম দেখিয়েছে।

অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা প্রসঙ্গে কূটনীতিক জানান, ইরান দীর্ঘদিনের নিষেধাজ্ঞার মধ্যেও প্রস্তুত ও সক্ষম। খামেনির উপস্থিতি নিয়ে গুজব নাকচ করে তিনি বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত বৈঠক করছেন; নিরাপত্তা ব্যবস্থা থাকা স্বাভাবিক হলেও তা লুকিয়ে থাকার সমান নয়।

ইরানে গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে রাজনৈতিক রূপ নেয়। তেহরানের ভাষ্য, চাপের মধ্যেও দেশটি বিদেশি শক্তিকে ভয় পায় না এবং কূটনৈতিক সহযোগিতা—বিশেষত ভারতের সঙ্গে—চালু রাখার চেষ্টা করছে।