ওয়াশিংটন—উত্তর মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, কানসাস, টেনেসি ও ম্যাসাচুসেটসসহ একাধিক অঙ্গরাজ্য থেকে মৃত্যুর খবর এসেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত দুই দিনে শহরটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কিছু মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়, বাকিগুলো দীর্ঘ সময় চরম ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়ায়। চলতি সপ্তাহের শুরু থেকে যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা পুরু তুষারস্তরে ঢেকে গেছে।
মার্কিন আবহাওয়া দপ্তর ২০ কোটির বেশি মানুষের জন্য ‘কোল্ড অ্যালার্ট’ জারি করেছে। তীব্র ঠান্ডায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় একাধিক বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়ে, ফলে দেশজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পাওয়ারআউটেজ ডটকমের হিসাবে, সোমবার পর্যন্ত ছয় লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন ছিল।
প্রতিকূল আবহাওয়ার কারণে বহু অঙ্গরাজ্যে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিমান চলাচলেও বড় ধাক্কা লেগেছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়, সোমবার বাতিল হয় আরও ১০ হাজারের বেশি ফ্লাইট—কোভিড মহামারির পর দুই দিনে এটিই সর্বোচ্চ বাতিলের রেকর্ড।
সূত্র: এপি, দ্য গার্ডিয়ান
আপনার মতামত লিখুন :