খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আনুষ্ঠানিক শোকপ্রস্তাব গ্রহণ করা হচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভার বাজেট অধিবেশনের কার্যসূচিতে এই শোকপ্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজ্যসভা সচিবালয়ের প্রকাশিত কার্যতালিকা অনুযায়ী, প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকারপ্রধানের মৃত্যুতে এই ধরনের শোকপ্রস্তাবকে কূটনৈতিক সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। একই অধিবেশনে আরও দুই প্রয়াত ভারতীয় নেতার স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

শোকপ্রস্তাব পাঠের পর প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের রেওয়াজ রয়েছে। সংসদীয় এই উদ্যোগকে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ প্রভাব ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর। তার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে তার রাজনৈতিক অবদানের প্রতি সম্মান জানানো হলো।