বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না এবং জনগণ যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই ওয়াশিংটন কাজ করবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাষ্ট্রদূত বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে এবং এর ফলাফল দেখার বিষয়ে আগ্রহী।

তিনি জানান, নির্বাচনের ফল নির্ধারণের একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে অবস্থান নেয় না।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতে তিনি একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশার কথা শুনেছেন এবং নিজেও একটি অবাধ ও আনন্দময় ভোটের আশা করছেন।

বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিবসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।