যুদ্ধজাহাজের বিশাল বহর এগোচ্ছে, ইরানে বড় হামলার হুমকি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে আগের চেয়েও বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান যদি সংঘাত এড়াতে চায়, তবে দ্রুত আলোচনায় বসে চুক্তিতে পৌঁছাতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে পারবে না।

ট্রাম্প জানান, একটি “বিশাল যুদ্ধজাহাজের বহর” ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা আগের অভিযানের তুলনায় আরও শক্তিশালী ও দ্রুতগতির। তাঁর দাবি, এই বহর যেকোনো সময় অভিযান শুরু করতে প্রস্তুত এবং প্রয়োজন হলে আরও ভয়াবহ হামলা চালানো হবে।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, সে সময়কার অভিযানের চেয়েও পরবর্তী হামলা হবে আরও মারাত্মক। তিনি ইরানকে সতর্ক করে বলেন, আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং সংঘাত এড়াতে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।