ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘে বেইজিংয়ের স্থায়ী প্রতিনিধি ফু কং সতর্ক করে বলেছেন, শক্তি প্রয়োগের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব নয় এবং যেকোনো সামরিক দুঃসাহসিকতা মধ্যপ্রাচ্যকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে বক্তব্যে তিনি বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশটির অভ্যন্তরীণ বিষয় সেখানকার জনগণই নির্ধারণ করবে। চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।
ফু কং যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও শক্তি প্রয়োগ কিংবা তার হুমকি পরিহার করা জরুরি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য কোনো বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র নয়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত।
আপনার মতামত লিখুন :