গণভোটে সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো পক্ষের পক্ষে ভোট চাওয়া বা প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়।

ইসির নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে তথ্য জানাতে ও সচেতন করতে পারবেন, তবে কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না। এমন কর্মকাণ্ড গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটকে সামনে রেখে সরকারি পক্ষ থেকে প্রচারণার অভিযোগ ও বিতর্কের প্রেক্ষাপটেই এই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সংশ্লিষ্ট আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।