বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে অতিদরিদ্রতার হার গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ অতিদরিদ্র অবস্থায় বসবাস করছেন, যার মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি কমিউনিটির মানুষের হার তুলনামূলকভাবে বেশি।
জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, বাড়িভাড়া পরিশোধের পর যেসব পরিবারের বার্ষিক আয় জাতীয় গড় আয়ের অনেক নিচে, তাদেরই অতিদরিদ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ মানদণ্ডে যুক্তরাজ্যে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি পরিবারের আয় গড়ের নিচে।
প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিক দারিদ্রতার হার কিছুটা কমলেও অতিদরিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে। একই সঙ্গে বেড়েছে শিশু দারিদ্রতাও; বর্তমানে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্রতার মধ্যে বড় হচ্ছে।
জেআরএফ বলছে, শিশু ও শারীরিক প্রতিবন্ধীরাই দারিদ্রতার সবচেয়ে বড় শিকার। বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে দারিদ্রতার হার উদ্বেগজনকভাবে বেশি, যা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের চিত্র আরও স্পষ্ট করছে।
আপনার মতামত লিখুন :