কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নেন।

কর্মবিরতির কারণে জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে কার্যক্রমে বিঘ্ন ঘটে। শ্রমিক নেতারা জানান, সকাল থেকে কোনো শ্রমিক কাজে যোগ দেননি এবং যন্ত্রপাতিও চালু করা হয়নি। বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি চলার কথা রয়েছে এবং একই কর্মসূচি রোববারও পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় এ কর্মসূচি পালিত হচ্ছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।