পাকিস্তানের বেলুচিস্তানে ধারাবাহিক সশস্ত্র হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ জন জঙ্গি নিহত হয়েছে। এসব হামলায় ১৫ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, শনিবার ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর একযোগে হামলার পর প্রদেশজুড়ে ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান চালানো হয়। কোয়েটা, মাসতুং, নুশকি, গ্বাদরসহ একাধিক এলাকায় সংঘর্ষে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ বহু জঙ্গি নিহত হন।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পরিস্থিতির প্রেক্ষিতে কয়েকটি জেলার হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :