ড্রপ সাইট নিউজ

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি, লক্ষ্য সরকার পতন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করতে পারে।

একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অনুমোদন দিতে প্রস্তুত এবং রোববার থেকেই অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা। পরিকল্পনার অংশ হিসেবে ইরানের সামরিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের ধারণা—শীর্ষ নেতৃত্বে আঘাত হানতে পারলে ইরানে গণবিক্ষোভ শুরু হবে এবং এর মাধ্যমে শাসনব্যবস্থার পতন ঘটতে পারে। প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি ইরানে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে—যেকোনো হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং দেশ রক্ষায় তারা প্রস্তুত। ড্রপ সাইট নিউজের প্রতিবেদনের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়েছে।