বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

প্রযুক্তি ও মহাকাশ খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণের মাধ্যমে তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্সের সঙ্গে একীভূত হওয়ার পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন তিনি।

চুক্তির ফলে সম্মিলিত প্রতিষ্ঠানের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এতে মাস্কের ব্যক্তিগত সম্পদ এক লাফে বেড়ে পৌঁছেছে আনুমানিক ৮৫২ বিলিয়ন ডলারে—মাত্র একটি চুক্তিতেই যোগ হয়েছে ৮৪ বিলিয়ন ডলার।

এর আগে স্পেসএক্সের মূল্য ছিল ৮০০ বিলিয়ন ডলার এবং এক্সএআই-এর ২৫০ বিলিয়ন ডলার। একীভূত কাঠামোয় মাস্কের মালিকানা প্রায় ৪৩ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য ৫৪২ বিলিয়ন ডলার। এ ছাড়া টেসলায় তাঁর শেয়ার ও স্টক অপশন মিলিয়ে সম্পদের বড় একটি অংশ যুক্ত রয়েছে।

বিশ্বের ধনীদের তালিকায় মাস্কের পরেই রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তবে দুজনের সম্পদের ব্যবধান এখন ইতিহাসের সর্বোচ্চ—প্রায় ৫৭৮ বিলিয়ন ডলার।