সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা সংলগ্ন এলাকায় শুক্রবার ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। একই সঙ্গে রাষ্ট্রীয় ভবনের নিরাপত্তা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সরকারি কর্মচারীরা। পরে বেলা ১১টার দিকে তারা যমুনার উদ্দেশে মিছিল নিয়ে অগ্রসর হলে শাহবাগে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গের চেষ্টা চালানো হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
একপর্যায়ে আন্দোলনকারীরা আবার সংগঠিত হয়ে যমুনার দিকে এগোলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নতুন করে পুলিশি বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায়ে গত কয়েক দিন ধরে কর্মবিরতি ও কর্মসূচি পালন করা হচ্ছে। শুক্রবারও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সরকারি ও আধা সরকারি দপ্তরে চার ঘণ্টার কর্মবিরতি পালিত হয়।
আপনার মতামত লিখুন :