গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুণ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

গাজীপুর—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের স্রোত নেমেছে। এর ফলে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার তিনগুণ পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ভোগড়া থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত সড়কে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা যায়। কোথাও কোথাও যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।

যানজটের সুযোগে ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধের ঘটনাও ঘটে।

সোমবার বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় রাতভর উপচে পড়া ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী যানজট নিয়ন্ত্রণে টার্মিনাল ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কাজ করছে।

যাত্রী সজিব হোসেন বলেন, “৬০০ টাকার ভাড়া এখন ১৫০০ টাকা চাওয়া হচ্ছে।” পোশাক শ্রমিক আশা বেগম অভিযোগ করেন, “একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, ন্যায্য ভাড়ায় ওঠা যাচ্ছে না।”

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম জানান, নির্বাচন ও শিল্পকারখানার ছুটির কারণে যানজট তৈরি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।