অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, সরকার একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত কোথাও ভোটকেন্দ্র দখল বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

ভোট জালিয়াতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সুনির্দিষ্ট প্রমাণ পেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের অধিকার ও কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, নির্বাচনী ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থা রয়েছে।

ভোট শেষে ও ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।