ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ গণভোটে প্রাথমিকভাবে জনমত স্পষ্টভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে ঝুঁকছে। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের ১০৬টি কেন্দ্র থেকে সনদের পক্ষে পড়েছে ৬৯ হাজার ৩৪৭ ভোট, বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১৯ হাজার ৯৪৫টি।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ হয়। চূড়ান্ত ফল ঘোষণার আগে এই প্রাথমিক চিত্র গণভোটে সনদের পক্ষে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে ব্যাপক সংস্কারের পথ খুলবে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা সম্প্রসারণ, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট প্রবর্তন, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করা। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদ পৃথক করার বিধান থাকবে।
এ ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের ভোটে স্বাধীনতা বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, বিচার বিভাগীয় নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার এবং জরুরি অবস্থায় মৌলিক অধিকার সুরক্ষার প্রস্তাব রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়টিও সনদের অংশ।
চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে, এই সংস্কারগুলো বাস্তবায়নের পথে দেশ কতটা এগোচ্ছে।
আপনার মতামত লিখুন :