দুই–তৃতীয়াংশ আসনে জয়, দুই যুগ পর সরকারে ফিরছে বিএনপি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধান গড়ে সরকার গঠনের পথে এগিয়েছে বিএনপি। বেসরকারি ফলাফলে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় নিশ্চিত হওয়ায় প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি।

মাঠপর্যায় থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৯৯ আসনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা এ পর্যন্ত ২০৭টি আসনে জয় পেয়েছেন। জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলো পেয়েছে ৭৩টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে; স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছেন সাতটি আসন। বাকি কয়েকটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন।

এই ফলের মধ্য দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন—এমন ঘোষণা বিএনপি আগেই দিয়েছে। তিনি ঢাকা–১৭ ও বগুড়া–৬—দুটি আসন থেকেই নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকে। শুক্রবার বেলা পৌনে একটার মধ্যে ২৮৮টি আসনের বেসরকারি ফল পাওয়া যায়।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জনগণের সমর্থনেই দলটি দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে যাচ্ছে। তাঁর ভাষায়, প্রাপ্ত ভোট ও আসনভিত্তিক তথ্য বিএনপির বিজয় নিয়ে ‘পূর্ণ আস্থা’ দিচ্ছে।