ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেছেন।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও তা যেন প্রতিশোধ বা সহিংসতায় রূপ না নেয়—এ বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান।
তারেক রহমান বিজয়ের জন্য দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বব্যাপী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই পথে ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
বেসরকারি ফল অনুযায়ী ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তাদের জোট পেয়েছে ২১২টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের তথ্যে, এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ।
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে তারেক রহমানের এই আহ্বানকে নতুন সরকারের সূচনালগ্নে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংযমের বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :