নির্বাচনী মাঠের ভুল-বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয় : তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন /
নির্বাচনী মাঠের ভুল-বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়  : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক সংযম ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার সময় যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, ভোটের লড়াইয়ে দল ও ব্যক্তির মধ্যে মতভেদ হওয়াই স্বাভাবিক। তবে সেই বিরোধ যেন গণতান্ত্রিক সৌহার্দ্য নষ্ট না করে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, “এই বিজয় কোনো একক দলের নয়; এটি বাংলাদেশের, এটি গণতন্ত্রের। যারা গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন, এ জয় তাদের জন্য। আজ থেকে আমরা মুক্ত—মানুষের অধিকার আরও সুরক্ষিত হলো।”

নতুন অধ্যায়ের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে তিনি ভিন্নমত ও ভিন্ন দলের সবার সহযোগিতা চান। একই সঙ্গে বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি ও দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।