চীনে তেল বিক্রি কমাতে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’: একমত ট্রাম্প–নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতে নতুন করে কঠোরতা আনতে যাচ্ছে—বিশেষ করে চীনের বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস

প্রতিবেদনে বলা হয়, আলোচনার মূল লক্ষ্য ছিল ইরান কে চীন তেল রপ্তানি কমাতে বাধ্য করা। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানায়, তেহরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগে উভয় নেতা সম্মত হয়েছেন।

বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, সমুদ্রপথে ইরানের রপ্তানি তেলের ৮০ শতাংশের বেশি কিনে নেয় চীন; গত বছর প্রতিদিন গড়ে প্রায় ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল। ওয়াশিংটনের যুক্তি, তেল আয়ের অর্থ ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে—এ আশঙ্কায়ই নিষেধাজ্ঞা জোরদার।

চীন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং তেহরানের সঙ্গে বাণিজ্যকে বৈধ বলে দাবি করেছে। তবে ওয়াশিংটনের ধারণা, চীনে রপ্তানি সংকুচিত হলে ইরান নীতি বদলাতে বা পরমাণু আলোচনায় অগ্রসর হতে বাধ্য হতে পারে।

এদিকে পারমাণবিক ইস্যুতে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ইরান সতর্ক করে জানিয়েছে, কোনো সামরিক পদক্ষেপকে তারা যুদ্ধ হিসেবেই দেখবে। এই টানাপড়েনের মধ্যে ওমানে দুই দেশের প্রাথমিক আলোচনা হয়েছে; নতুন দফা সংলাপের সম্ভাবনাও রয়েছে।