বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়ী হলেও বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনটি তিনি বহাল রাখছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের লিখিত অব্যাহতির চিঠি পাওয়া গেছে এবং গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন বেছে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট এবং বগুড়া-৬ আসনে ২ লাখ ১৬ হাজারের বেশি ভোট। বগুড়া-৬ আসন শূন্য হলে, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, একই সঙ্গে শেরপুর-৩ আসনের স্থগিত সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রস্তুতিও নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দিকেই ইঙ্গিত করে।