প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে আগামী ১৮০ দিনের একটি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে রমজানে স্বস্তিদায়ক পরিবেশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। রমজানে বাজার তদারকি, ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা এবং গণমাধ্যম কমিশনসংক্রান্ত প্রস্তাব নিয়েও কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়কে দৃশ্যমান ফল দেখাতে হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, দুর্নীতিমুক্তভাবে কাজ করা এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার নির্দেশ এসেছে।

বিকেল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর সচিবদের সঙ্গেও পৃথক মতবিনিময় করার কথা রয়েছে।