প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে সরকার নির্ধারিত সচিব বেতন স্কেলে (৭৮ হাজার টাকা) তিনি দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি—যেটি আগে ঘটে—সাপেক্ষে এ নিয়োগ কার্যকর থাকবে। অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তও যুক্ত করা হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ইউএনবি ও চ্যানেল আইয়ে কাজ করেছেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ছিলেন। বিদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রেসসংক্রান্ত দায়িত্ব দেখভাল করতেন; গত ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সময় সফরসঙ্গীও ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার যাত্রা শুরু হয়।