ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের আগেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকার।

প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই উদ্যোগ চালু হবে; পরে তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম। মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি সরকার, যার বাস্তবায়ন শুরু হচ্ছে আসন্ন ঈদের আগেই। সম্মানীর পরিমাণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব নেওয়ার তৃতীয় কর্মদিবসে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা বিভিন্ন নীতিগত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।