ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন। সারা দেশের উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, জনস্বার্থে এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বর্তমান কর্মস্থল ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই দিন বিকেল থেকেই স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটি কমিশনের সবচেয়ে বড় প্রশাসনিক রদবদল। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :