পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের একটি বিস্ফোরক মামলায় প্রথমবারের মতো আসামি হওয়ার মুখে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যেই প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দিতে তাঁর নাম উঠে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মামলার চিফ প্রসিকিউটর।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, সাক্ষ্যগ্রহণে শেখ হাসিনাসহ তৎকালীন কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ কারণে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলাটিতে বর্তমানে প্রায় সাড়ে ৮শ’ আসামি এবং ১২০০ সাক্ষীর তালিকা রয়েছে; এর মধ্যে তিনশ’ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিডিআর বিদ্রোহের ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। বিচারিক আদালত ২০১৩ সালে এ মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, যাবজ্জীবন কারাদণ্ড হয় ১৮৫ জনের এবং বিভিন্ন মেয়াদে সাজা পান আরও অনেকে। তবে বিস্ফোরক মামলাটি এখনো বিচারাধীন রয়েছে এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়েই আছে।

প্রায় দেড় দশক পরও পিলখানার সেই রক্তাক্ত অধ্যায় বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি অমীমাংসিত ও সংবেদনশীল অধ্যায় হয়ে আছে।