বন্ধ কারখানা চালুর জন্য নীতি সহায়তার বার্তা নতুন গভর্নরের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অর্থনীতি পুনরুজ্জীবনে নীতিগত ধারাবাহিকতা ও শিল্পখাত পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেন, সাম্প্রতিক অস্থিরতায় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে।

গভর্নরের বার্তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান। জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তিনি জানান, গভর্নর গণমাধ্যমে কম উপস্থিত থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের মিডিয়াবান্ধব নীতি বজায় থাকবে।

বার্তায় আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া সংস্কার উদ্যোগ অব্যাহত রাখা হবে, ব্যাংক ঋণের সুদের হার ধীরে কমানোর দিকে নজর থাকবে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় ভূমিকা নেবে।