যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। টাইমস অব ইসরাইল–এর বরাতে জানা গেছে, চলমান হামলাটি দুই দেশের সমন্বিত অপারেশন, যার একটি প্রধান লক্ষ্য ইরানের প্রেসিডেন্ট ভবন।
ইসরাইলের চ্যানেল ১২ জানায়, অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বের বাসভবন এবং সেসব স্থাপনাও লক্ষ্য করা হচ্ছে, যেখান থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। এখন পর্যন্ত ইসরাইলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া যায়নি, তবে নাগরিকদের নিরাপদ কক্ষের কাছে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই অভিযানকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি দূর করতেই এই পদক্ষেপ।
এই সামরিক অভিযানের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, জেনেভায় ইরান–যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা থেকে তিনি সন্তুষ্ট ফল পাননি। তাঁর অভিযোগ, তেহরান এখনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি পরিত্যাগে রাজি হয়নি। ট্রাম্প বলেন, “আমরা শক্তি প্রয়োগ করতে চাই না, কিন্তু কিছু পরিস্থিতিতে তা অনিবার্য হয়ে ওঠে।”
জেনেভার আলোচনায় সীমিত অগ্রগতির ইঙ্গিত মিললেও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক সংঘাতের আশঙ্কাও দ্রুত বাড়ছে।
আপনার মতামত লিখুন :