ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পরোক্ষভাবে ভূমিকা রেখেছিলেন—এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বললেও, গোপনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ইরানে হামলার বিষয়ে লবিং করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, গত এক মাসে যুবরাজ একাধিকবার ব্যক্তিগত ফোনকলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এসব আলাপই শেষ পর্যন্ত ওয়াশিংটনের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার কথা উল্লেখ করেন। তবে তেহরান এই দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে।
পর্যবেক্ষকদের মতে, ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে—বিশেষ করে, প্রকাশ্য কূটনীতি ও নেপথ্য কৌশলের দ্বন্দ্ব নিয়ে।
আপনার মতামত লিখুন :