ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর অবস্থান নিয়ে অনিশ্চয়তা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় ও হাইফা বন্দরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি

হামলার পর নেতানিয়াহুর পরিণতি কী হয়েছে—সে বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় বিষয়টি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে নেতানিয়াহু বা ইসরায়েলি বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে তারা শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এএফপি-র সাংবাদিকদের মতে, সোমবার জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।