হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শত্রুদের ওপর “পর্যাপ্ত চাপ” সৃষ্টি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে—এই সতর্কবার্তা দিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হবে।

জাবারি দাবি করেন, প্রণালী বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা আসবে। তাঁর ভাষ্য অনুযায়ী, তেলের দাম দ্রুত ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ঠেকাতে আঞ্চলিক পাইপলাইনগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট। প্রতিদিন বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়। ইরানের এই হুঁশিয়ারিতে আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।