মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির জেরে আগামী ৫ মার্চ পর্যন্ত ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সংস্থাটি এ সিদ্ধান্ত জানায়।
বাতিল হওয়া রুটগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের নতুন সূচি জানানো হবে।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সহ আন্তর্জাতিক উড্ডয়ন সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশ মধ্যপ্রাচ্যগামী।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে উত্তেজনা না কমা পর্যন্ত অনিশ্চয়তা কাটবে না। যাত্রীদের নিয়মিত কল সেন্টার ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :