শ্রীলঙ্কায় আশ্রয় পেল ইরানের যুদ্ধজাহাজের ২০০ নাবিক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলের কাছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একটি ইরানি যুদ্ধজাহাজের প্রায় ২০০ নাবিককে সাময়িক আশ্রয় দিয়েছে দেশটি। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির কারিগরি সমস্যার কারণে ক্রুরা সহায়তা চেয়ে যোগাযোগ করলে তাদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার আইআরআইএস বুশেহর নামের জাহাজটির ক্রুদের রাজধানী কলম্বোর নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। জাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় অন্তত ৮৪ নাবিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার প্রেক্ষাপটে একই অঞ্চলে অবস্থানরত বুশেহর জাহাজের ক্রুরা শ্রীলঙ্কার কাছে সহায়তা প্রার্থনা করে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “আমাদের মতে প্রতিটি জীবনই মূল্যবান।”

এই ঘটনার পর শ্রীলঙ্কা অঞ্চলের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘাত নিরসনে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।