ইরানের রাজধানী তেহরানে তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার পর বায়ুমণ্ডলে দূষণের অস্বাভাবিক লক্ষণ দেখা গেছে। রোববার সকালে শহরের অনেক বাসিন্দা আকাশে ঘন কালো মেঘ এবং কালচে বৃষ্টিপাতের ঘটনা লক্ষ্য করেন, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের তেহরান-ভিত্তিক প্রতিবেদক ফ্রেড প্লিটজেন জানিয়েছেন, বৃষ্টির পানিতে তেলের মতো কালো কণার উপস্থিতি চোখে পড়ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বৃষ্টির পানি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গাঢ় এবং এতে তেলজাতীয় উপাদানের মিশ্রণের লক্ষণ দেখা যাচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যায় তেহরানের কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ওই স্থাপনাগুলো থেকে সামরিক ও কৌশলগত বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো। হামলার পর প্রকাশিত ভিডিওতে শহরের শাহরান তেল শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা আকাশে উঠতে দেখা গেছে।
বিশ্লেষকদের ধারণা, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া তেলজাতীয় কণা ও কার্বন বৃষ্টির পানির সঙ্গে মিশে এই অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণ হতে পারে।
এদিকে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে জানিয়েছে, তেল ও রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণের কারণে বাতাসে ছড়িয়ে পড়া কিছু কণা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ত্বক ও শ্বাসতন্ত্রের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং বৃষ্টির পানির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :