ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে সন্তুষ্ট নন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডের বরাত দিয়ে জানানো হয়, ট্রাম্প তাকে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার সিদ্ধান্তে তিনি “খুশি নন”। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ইরানের নতুন নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তাঁর বক্তব্য ছিল, “আমরা দেখব কী হয়।”

একই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধ বন্ধ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের উচিত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিষয়ে ক্ষমার বিষয়টি বিবেচনা করা, যাতে তিনি পুরোপুরি যুদ্ধ পরিস্থিতির দিকে মনোযোগ দিতে পারেন।

রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে। সাম্প্রতিক হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্বে এই পরিবর্তন আসে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে, যা দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।