মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে আরও দুটি রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত এবং দাম্মাম রুটে তাদের ফ্লাইট আপাতত বন্ধ থাকবে। পাশাপাশি দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা অন্তত ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত পরিস্থিতির কারণে আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি রয়েছে।
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট ধারাবাহিকভাবে বাতিল করা হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) একদিনেই অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ফ্লাইট। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক ফ্লাইটও বাতিল হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইনসগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আপনার মতামত লিখুন :